একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৈরি পোশাক শ্রমিকরা যাতে বিশৃংখলায় না জড়াতে পারে সেদিকে নজর রাখতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। একইসঙ্গে আন্দোলন বন্ধ করে কাজে যোগ দিতেও শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি।
শনিবার সচিবালয়ে সম্প্রতি নতুন বেতন কাঠামো নিয়ে শ্রমিকদের বিচ্ছিন্ন আন্দোলনে পরিপ্রেক্ষিতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
আসছে জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে জানিয়ে মুজিবুল হক বলেন, কোনো অসামঞ্জস্য কোনো বিষয় থাকলে তা নিয়ে নির্বাচনের পরে আলোচনা করা হবে।
তিনি আরো বলেন, আসছে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের নেতিবাচক তথ্য দিয়ে শ্রমিকদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করতে পারে। সেদিকে মালিক এবং শ্রমিক উভয় যেন সর্তক থাকে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী। বেতন কাঠামো নিয়ে বিভ্রান্ত থাকলে তা নিয়ে নির্বাচনের পর বিবেচনা করার আশ্বাস দেন তিনি।
এদিকে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গেল কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ, আশুলিয়াসহ বিভিন্ন কারখানায় বিচ্ছিন্নভাবে কর্মবিরতি পালন করছে তৈরী পোশাক শিল্প শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে শনিবার সকালে জরুরি বৈঠকে বসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বৈঠকে শ্রমিক প্রতিনিধিদের বক্তব্যের জবাবে মালিকপক্ষ থেকে জানানো নিয়ম অনুযায়ী আসছে জানুয়ারি থেকে হয় শ্রমিকদের বেতন কার্যকর হবে।