রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।
সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি আরো বলেন, মিয়ানমারের উচিত যথাযথ মর্যাদা দিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। বর্তমান সরকারের অধীনে অতীতের মতো জাতীয় সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রবার্ট আর্ল মিলার।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময়ই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় নব নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হেন্দ্রিকুস জিজে ভারওয়েজ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সি প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী ডেলটা প্ল্যান বাস্তবায়নে ও নদী খননে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেন।