এবারের নির্বাচনে বিএনপির কাঁধে ভর করে আবারো স্বাধীনতার বিরোধী শক্তি মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করছে—বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সহায়ক বিভাগের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, আসন্ন ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে— রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে? স্বাধীনতার পরাজিত শক্তি নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত দুই মেয়াদের উন্নয়নের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আগামী ২০২১ সালে উন্নয়নশীল এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ নিয়ে যাওয়ার যে ধারাবাহিকতা শুরু হয়েছে- তা ধরে রাখা উচিৎ।
সেই জন্য আওয়ামী লীগকেই আবার ভোট দেবার আহ্বান জানান আনিসুল হক।
এ সময় আসন্ন নির্বাচনে সব ধরনের সহিংসতা প্রতিহত করার ঘোষণা দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর।
তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনসহ বিগত নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে- এবার তা রুখে দেয়া হবে।
আর আইনমন্ত্রী আনিসুল মুক্তিযুদ্ধের পক্ষের দলকে আবারো ক্ষমতায় আনতে আইনজীবিদের প্রতি আহ্বান জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এ সভাপতি।