বেসরকারি খাতের উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার— আবারো ক্ষমতায় এসে অসমাপ্ত কাজ শেষ করতে চান বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে আগারগাঁওয়ে ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসাবাবন্ধব পরিবেশ সৃষ্টি করেছে সরকার। প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপের কারণে ব্যবসায়ীদের কাজ সহজ হয়েছে।
আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয় বিষয়ে সজাগ থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেনতেনভাবে ক্ষমতায় আসতে চাননা।
শেখ হাসিনা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে ক্ষমতার ধারাবাহিকতা থাকতে হবে। জনগণ চাইলে আবারও ক্ষমতায় এসে, অসমাপ্ত কাজ শেষ করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগ যতোটুকু প্রতিশ্রতি দেয় তার চেয়ে বেশি বাস্তবায়ন করে উল্লেখ করে জনগণের ভাগ্য উন্নয়নে সবার কাছে ভোট চান তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, তার সরকার নিজে ব্যবসা না করে, বেসরকারি খাতকে ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে- এ সরকারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
আর এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ব্যাংকখাত নিয়ে সমালোচনাকারীদের পাল্টা সমালোচনা করেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এ অনুষ্ঠানে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ব্যবসায়ী নেতারাও তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।