আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে শনিবার সিলেটে পৌঁছেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত করেছেন তিনি।
পরে শাহজালাল মাজার জিয়ারত শেষে শাহপরাণ মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর নগরের কুশিঘাটে সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বুরহান উদ্দিন (রহ:)’র মাজার জিয়ারত করবেন তিনি।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের পর দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এর আগে সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি শাহজালাল (র.) মাজারে যান জিয়ারত করতে।
সফরসূচি অনুসারে, জনসভা শেষ করে বিকেল সাড়ে ৪টার বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে ঘিরে সকাল থেকে নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে আলীয়া মাঠের চারদিক। নগরীতেও মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। পয়েন্টে পয়েন্টে চলছে সন্দেহভাজনদের তল্লাশী।