জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে— সরকারের গত ১০ বছরের উন্নয়নের কারণে আওয়ামী লীগের নিরুঙ্কুশ বিজয় সূচিত হয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর প্রধানমন্ত্রী কে হবেন, তা তুলে ধরতে না পারা এবং মনোনয়ন বাণিজ্যই নির্বাচনে বিএনপির ভরাডুবির অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি।
সোমবার বিকেলে গণভবনে বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন।
বিদেশি সাংবাদিক এবং দেশি বিদেশি পর্যবেক্ষকদের সামনে নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী জানান, এবারের নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর এবং মানুষ স্বাধানীভাবে ভোট দিতে পেরেছেন।
নির্বাচনে বিএনপির ভরাডুবির জন্য দলটিকেই দায়ী করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে যেসব দাবি দাওয়া দেয়া হয়েছিল তার সবই পূরণ করা হয়েছে।
নির্বাচন নিয়ে অনেকেই অনেক ধরনের অভিযোগ করতে পারে বলে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী।
কোথাও দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকলে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার পর, দলমত নির্বিশেষে দেশের সব মানুষের দায়িত্বই এখন তার বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।