আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠন করা কথা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপ্রধানের সঙ্গে শেখ হাসিনা সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা জানান তিনি।
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সাংসদ হিসেবে শপথ নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই হবে প্রথম সাক্ষাৎ। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ বঙ্গভবনে যান শেখ হাসিনা।
এবার নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে।
এই বিপুল বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগে দেয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের।
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন।