একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে দিকে ধানমন্ডি ৩২-এ মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা
পরে সরকার প্রধানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইতে সাক্ষর করেন প্রধানমন্ত্রী।
এ সময় সেখানে একাদশ সংসদের নির্বাচিত সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাভারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা।
আগামীকাল বুধবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবে নতুন মন্ত্রিপরিষদ। গতকাল সোমবার গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।