আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে।
২৫৯টি আসনে জয়ী হয়ে সংসদে সরকারি দল হিসেবে ভূমিকা পালন করবে আওয়ামী লীগ।
বিরোধীদলের ভূমিকা পালন করবে ২২টি আসনে জয়ী জাতীয় পার্টি। সংসদে থাকবেন সংরক্ষিত আসনের নারী সদস্যরাও।
সংসদে ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। জোট বা দলের বিজয়ী প্রার্থীর আনুপাতিক হারে এ আসন বণ্টন করা হয়। এবারের সংসদে আওয়ামী লীগের ৪২টি, মহাজোটের অন্য শরিকদের ২টি, জাতীয় পার্টির ৩টি সংরক্ষিত আসন থাকবে।
ঐক্যফ্রন্ট যোগ দিলে তারা পাবে ২টি সংরক্ষিত আসন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে থাকবে ১টি আসন।
জাতীয় পার্টির ৩টি আসনের জন্য বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ চার জনের একটি তালিকা দিয়েছেন স্পিকারকে।
তারা হলেন: নারায়ণগঞ্জের পারভীন ওসমান, কুঁড়িগ্রামের ডা. শাহীনা আক্তার, ফেনীর নাজমা আখতার ও ঝিনাইদহের মনিকা আলম।
৩০ জানুয়ারির মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থীদের ব্যাপারে নির্বাচন কমিশনকে তথ্য দিতে হবে এবং ১ এপ্রিলের মধ্যে নির্বাচন হতে হবে।