সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে নতুন সরকারের প্রধান ও অন্যতম কাজ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, লাইসেন্স, ফিটনেস ও রুট পারমিট ছাড়া কোনো গাড়ি মহাসড়কে চলবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, গত ৭ বছরে যা করা সম্ভব হয়নি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তা এবার করে দেখাবে। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
চলমান মেগাপ্রোজেক্ট বাস্তবায়নের পাশাপাশি সড়ক ও পরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম কাজ বলে জানিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, আগামী জুনেই গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শেষ হবে।
এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শেষ হওয়ার পর রংপুর থেকে একদিকে বুড়িমারি অন্যদিকে পঞ্চগড় পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
এছাড়া, পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চলমান কাজগুলো শেষ করার পাশাপাশি চলতি বছরেই ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-কক্সবাজার ফোর লেন সড়কের কাজ শুরু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।