জামাতকে সঙ্গে নেয়ার ভুল স্বীকার করায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বৈঠকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে জয়ী প্রার্থীদের সংসদে যোগ দেয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
দায়িত্ব নেয়ার পর এই প্রথমবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক মত বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সকালে সচিবালয়ে বৈঠকের শুরুতেই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমের কাছে তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সদ্যশেষ হওয়া নির্বাচন এবং ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল হোসেনের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন।
জনগণের ভোটে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থীদের সংসদে আসারও আহ্বান জানান তিনি।
এসময় তিনি গণমাধ্যমের বিকাশে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, সম্প্রচার আইন ও গণমাধ্যমকর্মী এই দুটি আইন নিয়ে কাজ চলছে শিগগিরই এর সুফল পাওয়া যাবে।
সরকারের উন্নয়নের গতি ধরে রাখতে নিজ দপ্তরের কর্মকর্তাদের প্রতি দিক নির্দেশনা দেন নতুন তথ্য মন্ত্রী।