মজুরি কাঠামোর ছয়টি গ্রেড সংশোধন করে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পর পোশাক শ্রমিকরা কাজে ফিরতে শুরু করলেও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার কমপক্ষে ৮টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের গার্মেন্টগুলোতে শ্রমিকদের কারখানায় কাজে যোগ দিতে দেখা যায়। তাদের বেশিরভার শ্রমিকই নতুন বেতন কাঠামোতে সন্তোষ প্রকাশ করেন।
তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, এনভয় গ্রুপ ও উইনডিসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর আবারো বেরিয়ে আসে। তারা সড়ক অবরোধ করতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য গত নভেম্বরে ঘোষিত ন্যুনতম মজুরি কাঠামোর কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে ৬ জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছিলো ঢাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা।
এরই প্রেক্ষিতে মালিক-শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রিপক্ষীয় কমিটি রোববার বৈঠক করে ছয়টি গ্রেড সংশোধন করে বেতন বাড়ানোর ঘোষণা দেয়।
ওই বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সাত দিনের মধ্যে সংশোধিত কাঠামোর গেজেট প্রকাশ করা হবে জানিয়ে, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।