কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।
সফরকালে নোয়াখালীর ভাসানচরেও যাওয়ার কথা রয়েছে তার।
জাতিসংঘের এ বিশেষ দূত চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন।
এদিকে, বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করলেও মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে সেখানে প্রবেশ করতে পারছেন না জাতিসংঘের বিশেষ দূত।
সফর শুরুর আগে এক বার্তায় ইয়াংহি লি বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমি এখনও দেশটির সরকারের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি এবং আমি তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মিয়ানমার সরকার অনুমতি না দিলেও দেশটির জনগণের সঙ্গে সাক্ষাত ও মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে কথা বলার কথা জানিয়েছেন তিনি।