প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের কোটা বহাল রেখে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের নতুন মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
একই সঙ্গে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন সংশোধনী আইন, জাতীয় সমাজকল্যাণ আইনের সংশোধনী খসড়া এবং নবম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শপথ নেয়ার পনের দিন পর প্রথম বৈঠকে বসে নতুন সরকারের মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়েরে সাবেকমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
পরে নির্ধারিত আলোচনায় মোট সাতটি বিষয় গুরুত্ব পায়। সেখানে সংবাদপত্রের জন্য নবম মজুরি বোর্ড গঠনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে দেয়া হয়।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ও বিধির আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনার খসড়া প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা। সেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করা হলেও প্রতিবন্ধীদের কোটা বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
আর একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ায় অনুমোদন দেয়া হয়। সে খসড়ায় ৬ হাজার শব্দের ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া দুটি আইন সংশোধন ও ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করার প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।