প্রখ্যাত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আগামীকাল-বুধবার রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
ছেলে সামীর আহমেদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে—জানান প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী।
মঙ্গলবার আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বুলবুলের মরদেহ রাখা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে।
সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে এ সঙ্গীতজ্ঞকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হবে।
আজ ভোরে রাজধানীর আফতাব নগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের এ বীরসেনানী।
তার মরদেহ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।