রাষ্ট্রীয় মালিকাধীন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসিতে অনিয়ম ও দুর্নীতির জঞ্জাল দীর্ঘদিন ধরে বাসা বেধেছে— জানিয়ে ক্ষোভ ঝেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মেরামত, যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে বিআরটিসির পুরনো গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে- তাই নতুন গাড়ি আসলে তা কতদিন টিকবে সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
এ সময় বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার নির্দেশ দেন মন্ত্রী।
ফের একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে বিআরটিসির বাস রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিষয়ে কথা বলেন তিনি।
এ সময় কর্মকর্তাদেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বর্তমান সরকার জানান তিনি।
সব মিলিয়ে বিআরটিসিতে ১১০০ নতুন গাড়ি আসবে জানিয়ে মন্ত্রী জানান নতুন গাড়িগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল ও চালক নিয়োগ করা হবে।
বিআরটিসিকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী এপ্রিলে ভারত থেকে গাড়ির চালনটি আসলে বিআরটিসি স্বয়ংসম্পূর্ণ হবে।