দেশ থেকে জোর করে তাড়িয়ে না দিয়ে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ এশিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভারতীয় কর্তৃপক্ষ রোহিঙ্গাদের মারধর ও হুমকি দিচ্ছে। গত কয়েক সপ্তাহে দেশটি জোর করে কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়েছে। ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ বিবৃতিতে বলেছেন, গণহত্যা থেকে বাঁচতে নিরাপত্তা চেয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের শিগগিরই সুরক্ষা নিশ্চিত করা উচিত ভারতের। তাদের জোর করে দেশ থেকে বিতাড়ন করা উচিত নয়।
ম্যাথিউ আরো বলেন, শরণার্থী হওয়ার কারণে কোনো শরণার্থীকেই কারাগারে পাঠানো উচিত নয়। নরেন্দ্র মোদি সরকারের উচিত হবে, অবিলম্বে আটক রোহিঙ্গাদের মুক্তি দেওয়া এবং নৃশংসতা থেকে বেঁচে যাওয়াদের সুরক্ষা নিশ্চিত করা।
ভারত সরকারের তথ্যমতে, দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাস করছেন। তাদের মধ্যে ১৮ হাজার জনকে শরণার্থীর মর্যাদা দেওয়া হয়েছে।