একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ-বুধবার। এর আগে দ্বিতীয় বারের মতো স্পিকার নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী।
অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বিকাল ৩টায় অধিবেশন বসে। এ সময় স্পিকারের নাম ঘোষণা করেন ক্ষমতাসীন দলের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে কণ্ঠ ভোটের মধ্যে তা পাস হয়।
উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংসদের আসন বিন্যাসসহ সার্বিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান জানান।
বিশাল বিজয় লাভের পর এখন কার্যকর সংসদ প্রতিষ্ঠায় নজর ক্ষমতাসীন আওয়ামী লীগের। প্রথম অধিবেশনেই মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় কমিটিগুলো গঠন হতে পারে বলে আভাস মিলেছে।
গঠনমূলক ভূমিকার সুযোগ সৃষ্টি করতে সেসব কমিটিতে বিরোধী দলের সদস্যদেরও রাখা হচ্ছে।
এদিকে, জাতীয় পার্টি জানিয়েছে সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করে তারা তাদের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় তারা। অন্যদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথগ্রহণ ও সংসদে যোগদানের আভাস পাওয়া গেলেও বিএনপি থেকে নির্বাচিতরা এখনও সংসদে না যাওয়ার সিদ্ধান্তেই অটল। এমন প্রেক্ষাপটের মধ্যেই আজ শুরু হচ্ছে প্রথম সংসদ অধিবেশন।
উদ্বোধনী অধিবেশনের ভাষণে দেশের উন্নয়ন, অগ্রগতির কথা তুলে ধরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদ শুরু হবে। অধিবেশন শুরুর পর প্রথমেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।