সব জনগোষ্ঠীর সমান সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেবল পার্বত্য অঞ্চল নয়- সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান শেষে তিনি এ কথা বলেন।
নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে যোগ্য নাগরিক ও দক্ষ পেশাদার হিসেবে গড়ে উঠতে বৃত্তিপ্রাপ্তদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করার পরামর্শ দেন শেখ হাসিনা। এ সময় বৃত্তিপ্রাপ্তদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের প্রত্যেক নগরিক সমান অধিকার ভোগ করবে—এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে।
এ সময় সমতল ভূমির বাসিন্দা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষার উন্নয়নে সম্ভাব্য সব রকমের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এছাড়া জনগণ আবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।