রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে- এটি কেবল মিয়ানামার ও বাংলাদেশের নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হতে পারে—বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে-এর সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফলশ্রুতিতে এটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হতে পারে।
একে আব্দুল মোমেন বলেন, রাখাইনে এখনও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে এখনও সেখান থেকে বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা করা দরকার সব করা হবে।
এ সময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে বলেন, রাজনীতি একটি জটিল বিষয়- এটি একটি চ্যালেঞ্জ। সমস্যার সমাধানে অনেক কিছু করতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তা ও রাজনৈতিক অধিকারসহ রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই জরুরি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য জোর চেষ্টা চলছে।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চালিয়ে সমাধান বের করার লক্ষ্যে ও সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে সিরিজ বৈঠক ছাড়াও কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে শুক্রবার ৫ দিনের সফরে বাংলাদেশে আসেন বব রে।