বিনা অপরাধে জাহালম তিন বছর কারাভোগ করা দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ে নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
দেশে আরো ৪২টি টিভি চ্যানেল আসার অপেক্ষায় রয়েছে— জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩২টি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে আগামীতে আরো ৪২টি টিভি চ্যানেল আসার অপেক্ষায় রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, নিদোর্ষ জাহালমের ঘটনায় দুদক ইতিমধ্যে তাদের ভুল স্বীকার করেছে— একই সঙ্গে তারা এটি নিয়ে তদন্ত করছে।
মন্ত্রী বলেন, একজন নির্দোষ মানুষ তিন বছর কারাভোগ করলেন, এ জন্য তারা যে তদন্ত করছে, তদন্তের মাধ্যমে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
বিনা অপরাধে তিন বছর কারাভোগের পর গত রোববার রাত ১টার দিকে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান জাহালম। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ২৬টি মামলা থেকে জাহালমকে এক দিনের মধ্যেই অব্যাহতি দিয়ে রোববার সকালে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। মূল আসামি আবু সালেকের বদলে তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়।