রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদী দখলমুক্ত করতে আজও-বুধবার অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
গতকাল সকাল ১০টা থেকে কামরাঙ্গীর চরের কয়লাঘাট ও ইসলামবাগ এলাকায় এ অভিযান শুরু হয়। প্রথম দিনে কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় দু'শরও বেশি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে বলে বিআইডব্লিউটিএ'র পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, চট্টগ্রামের কর্ণফুলী নদীকে দখলমুক্ত করতে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত তৃতীয় দিনের অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।
এ পর্যন্ত ৪ একর জমি দখলমুক্ত করা হয়েছে। পুরো অভিযান শেষ হতে আরো দুই থেকে তিনদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।