একের পর এক সীমান্ত-হত্যার বিষয়ে সরকার ভারতের কাছে কৈফিয়ৎ চাইবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আরো জানান, শিগগিরই এ বিষয়ে বিজিবি ও বিএসএফ-এর বৈঠক অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এ পর্যায়ে বৈঠকে সদুত্তোর না মেলে তবে আরো উচ্চপর্যায়ে বৈঠক হবে।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড লেগেই আছে— সম্প্রতি এ সংখ্যা অনেক বেড়ে গেছে।
বৃহস্পতিবার এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজ দপ্তরে গণমাধ্যমকে জানিয়েছে, এসব হত্যাকাণ্ডের কারণ জানতে চাওয়া হবে বিএসএফের কাছে।
এ বিষয়ে শিগগিরই বিজিবি -বিএসএফ বৈঠকে বসবে বলেও জানান তিনি।
হঠাৎ করে সীমান্তে হত্যাকাণ্ড বৃদ্ধির কারণও সরকার খুঁজে দেখবে বলে জানান তিনি।
এদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে গেল কয়েকদিনে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অল্প সংখ্যক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়েছেন। তবে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ সময় সাবেক এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে যথাযথ শাস্তি নিশ্চিতেরও তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।