৩০ বছর ধরে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রোববার একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য মেজর রফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ কথা জানান।
আনিসুল হক বলেন, আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে যাতে পুরনো মামলাগুলো, দেওয়ানি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। শুধু পুরনো নয় এখন যেগুলো হচ্ছে সেই মামলাগুলোও যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেজন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সারাদেশে আরো ৪১টি ট্রাইব্যুনাল, ৭টি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়েছে এবং এ ট্রাইব্যুনালগুলোর জন্য ২০৫টি সহায়ক পদও সৃষ্টি করা হয়েছে।