জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী সংসদ সদস্যদের সংসদে যোগ দেয়ার আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিয়ে কম আসন পাওয়ায় অভিমান করে সংসদে যোগ দিচ্ছেন না তারা ভুল করছেন।
শেখ হাসিনা জানান, সংসদে এসে তারা বলার সুযোগ পাবেন, যা জনগণ জানতে পারবে।
জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ায়ই তার রাজনীতির লক্ষ্য বলেও সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জানান প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন বুধবারের প্রথম আধ ঘণ্টা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ছিল।
এদিন প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ময়মনসিংহ-৮ এর সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ১০ বছরের উন্নয়নের সুফল জনগণ পেয়েছে তাই এবারের নির্বাচনে নৌকা বিজয়ী হয়েছে।
ঐক্যফন্টের বিজয়ী সংসদ সদস্যদের সংসদে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদে না আসাটা ভুল সিদ্ধান্ত হবে।
ময়মনসিংহ-৯ এর সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন- তার সরকারের আমলে যেমন ক্ষুধামুক্ত হয়েছে বাংলাদেশ, তেমনি শুরু হয়েছে উন্নয়নের অগ্রযাত্রা, বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। এখন লক্ষ্য, আরো এগিয়ে যাওয়া।
প্রধানমন্ত্রী বলেন, নিজ অর্থে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশকে। তিনি জানান, বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে যা ভবিষ্যতে আরো বিকশিত হবে।