বিএনপি একেবারে শুরু থেকেই জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি অসৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্রমাগত দুর্নীতির কারণে জনপ্রিয়তা তলানিতে যাওয়ায় একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি হেরেছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, যদিও বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল- কিন্ত তারা জানতো তাদের জনপ্রিয়তায় ধস নেমেছিল, নির্বাচনে জয়ের কোনো সম্ভবনা নেই, তাই তারা সবসময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে।
এছাড়াও এ সময় বাংলাদেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা এবং মধ্য আয়ের দেশ গড়ার স্বপ্ন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
এদিকে, আজ (শুক্রবার) মিউনিখে ৫৫তম নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সম্মেলন ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের আমন্ত্রণে মিউনিখে ৫৫তম নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাদশ জাতীয় নির্বাচনে বিজীয় হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় সফরের প্রথম দিনেই শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় মিউনিখের একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামের মতো ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে ইতিহাস থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছিল।
এ সময় প্রবাসী বাঙালিদের বিদেশে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরার আহ্বান জানান।
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এতে অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় মিউনিখের হোটেল শেরাটন আরাবেলা পার্কে যান। সফরকালে সেখানেই অবস্থান করবেন শেখ হাসিনা।