আগামী ২১ মের মধ্যে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন- অ্যাটকো।
সেই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে সব চ্যানেল পে-চ্যানেল হিসেবে আবির্ভূত হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসময়, অ্যাটকোর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সরকার বেসরকারিখাতে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে।
প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে টেলিভিশন সেন্টারগুলোকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবেও উল্লেখ করেন তিনি।
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন - অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগখাত বিষয়ক উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর পক্ষ থেকে সালমান এফ রহমানকে সংবর্ধনা দেয়া হয়। এসময় বিভিন্ন বেসরকারি টেলিভিশনের মালিক ও প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সালমান এফ রহমান।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করতে প্রধানমন্ত্রী যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা অনেক।
বেসরকারি টেলিভিশন ইন্ডাস্ট্রির সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে সালমান এফ রহমান আরো বলেন, এই মূহূর্তে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করে এ শিল্পকে টিকে থাকতে হবে।
এ সময় অ্যাটকোর পক্ষ থেকে জানানো হয়, ৬ মাসের মধ্যে সব চ্যানেল পে-চ্যানেলের আওতায় আসবে। আর ২১ মের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেলর মাধ্যমে সকল টেলিভিশন সম্প্রচার কার্যক্রম চালু করবে।