রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার পুরান ঢাকার চকবাজারে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন, হতাহতের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ দেয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।
তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সব ধরনের সহায়তা করবে।
কীভাবে আগুন লাগেছে তা এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না—এ কথা জানিয়ে কাদের বলেন, তদন্ত রিপোর্ট দেখে নিশ্চিত হয়ে বলা যাবে কীভাবে আগুন লেগেছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে।
বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের কয়েকটি ভবনে আগুন লেগে ৭৮ জন মারা গেছেন।
নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধাকারী দলের সদস্যরা।