পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে একসঙ্গে অনেকে মারা যাওয়ার ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমপ্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সমবেদনা জানিয়েছেন।
মন্ত্রী শ্রম মন্ত্রণালয় থেকে নিহতদের ১ লাখ ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে, চকবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন।
ৱমাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন।
বৃহস্পতিবার নিজ নিজ মন্ত্রণালয়ের প্রেস সচিবরা বিষয়টি নিশ্চিত করেন।
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৬ জন পুরুষ ৫ জন শিশু ও ৭ জন নারী রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল।
বুধবার রাতে চকবাজারের একটি ভবন আগুন লাগলে সেটা দ্রুত আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ অর্ধশতাধিকের বেশি মানুষ ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।