রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে তারা।
শিগগিরই অবৈধ কেমিক্যালের গুদাম অপসারণে তারাও মাঠে নামবে।
রোববার সকালে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশন ও এর আশেপাশে এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালের তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
তিনি ওয়াহেদ ম্যানশনের দোতালার পুড়ে যাওয়া প্রসাধনী সামগ্রীর গুদামও পরিদর্শন করেন।
এসময় লালবাগ জোনের পুলিশের ডিসি জাহাঙ্গীর খান উপস্থিত ছিলেন।
পরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সংশ্লিষ্ট ৩০ জনের সাক্ষ্য নিয়েছে কমিটি।
এদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মামলার এজাহারের পর ওয়াহেদ ম্যানশনের মালিকসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জানিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ৬৭ জন। শনাক্তের পর এ পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৪৭ জনের মরদেহ।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের ওয়াহিদ মঞ্জিলে অগ্নিকাণ্ডে ৬৭ জন প্রাণ হারান। অর্ধশতাধিক আহতের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।