কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ জোন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মাদক চিরতরে নির্মূলে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরির ওপরও তিনি গুরুত্ব দেন।
একইসঙ্গে রাজধানীসহ সাতটি বিভাগীয় শহরে আড়াইশো শয্যার মাদক নিরাময়কেন্দ্র প্রতিষ্ঠার কথাও জানান তিনি। এছাড়াও রাজধানী ঢাকা ও চট্টগ্রামের যানজট কমাতে নেয়া নানা উদ্যোগের তুলে ধরেন।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ছিল আজ। অধিবেশনের শুরুতেই তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক প্রশ্নের জবাবে মাদক নিয়ন্ত্রণে সরকারের চলমান উদ্যোগের তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশপাশি সারাদেশে আরো মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠা ও মাদক ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে পরিবহন খাতের উন্নয়ন ও যানজট নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরেন।
রাজধানী ঢাকার যানজট নিরসনের পাশপাশি চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে উদ্যোগের কথাও জানান তিনি।
বিআরটিসিকে ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, অকেজো থাকা বিআরটিসির বাসগুলো নতুন আকারে নিয়ে আসা হচ্ছে তাতে করে পরিবহন সংকট কিছুটা কমবে বলে আশা হচ্ছে।
দুর্ঘটনা রোধে পথচারীদেরও সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।