পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে কেমিক্যাল গুদাম সরানো হবে বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, কোনো বাধাতেই গুদাম সরানোর কাজ থেমে যাবে না।
নিমতলী অগ্নিকাণ্ড ঘটনার উদাহরণ টেনে মন্ত্রী আরো বলেন, কেমিক্যাল ব্যবসা সংক্রান্ত একটি নীতিমালা হচ্ছে–শিগগিরই ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
রোববার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখান থেকে কেমিক্যাল সরিয়ে নেয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেমিক্যাল গুদাম সরাতে কোনো বাধাই মানা হবে না।
চকবাজার থেকে কেমিক্যাল গুদাম সরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন এ বিষয়ে একটি নীতিমালা তৈরির কাজ চলছে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষ আগুনে পুড়ে মারা যান। এরপর ওই এলাকা থেকে কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে এই কেমিক্যাল গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়ে ৯ বছর আগে পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক নিহত হোন।