পাটের বহুমুখী ব্যবহার রয়েছে— দেশে-বিদেশে পরিবেশবান্ধব পাট পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে তাই পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, পাট এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, তা কেন লাভজনক হবে না? এটি যেহেতু রপ্তাতানিমুখী পণ্য, তাই অন্যান্য পণ্যের মতো এটাও প্রণোদনা পাবে। আমি সব সময় পাট নিয়ে আশাবাদী। পাট নিয়ে আর লোকসান গুণতে চাই না।আমাদের মনে রাখতে হবে, এ শিল্পের সঙ্গে কৃষকদের ভাগ্য জড়িত, এর সঙ্গে জড়িত আমাদের স্বাধীনতা সংগ্রাম।
পাট চাষ ও আঁশ ছাড়ানোর জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার ও নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে, যাতে এ শিল্পকে আরও এগিয়ে নেয়া যায় বলেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পাটপণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে— এভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। প্রাইভেট পাটনারশিপের মাধ্যমে বিশ্বের কোথায় কোথায় পাট ও পাটপণ্যের বাজার রয়েছে তা খুঁজে বের করতে হবে। এ সেক্টরে বেসরকারি খাত এগিয়ে আসছে— সবাই একসঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
শেখ হাসিনা বলেন, পাট শিল্পকে ধ্বংস করার চেষ্টা হয়েছে এবং এর ন্যায্য মূল্যের জন্য সংগ্রাম করতে হয়েছে এ শিল্পের উন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
পাটের সোনালী ব্যাগের উৎপাদন আমাদের এগিয়ে দেবে— এর বহুমুখী ব্যবহার রয়েছে তাই সোনালী আঁশ বাঁচিয়ে রাখতে হবে বলেন শেখ হাসিনা।
পাট প্রকৃতিবান্ধব, পরিবেশ রক্ষায় কাজ করে। পাট পণ্যের মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের জন্য আইন করা হয়েছে। পাটের ব্যাগ ব্যবহার ও বিদেশে রপ্তানি করতে পারলে ভালো হবে। এসব কাজে বেসরকারিভাবে যারা উদ্যোগ নিচ্ছেন, তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।