জামাতের সঙ্গ ছাড়তে আবারো বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
জামাতের আশ্রয়দাতা হিসেবে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের তথ্য কমিশন ভবনের মিলনায়তনে অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের ব্যাবহার শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাংবাদিকতা চর্চায়, তথ্য পাওয়ার অধিকার প্রয়োগের কথা বলেন তিনি।
বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন ব্যবহার করার পরামর্শ দেন।
কর্মশালা শেষে জামাত প্রসঙ্গে মার্কিন কংগ্রেসের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। জামাতের সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমসহ যে কোনো প্রতিষ্ঠান হঠাৎ করে বন্ধ করা উচিত নয়, আর বন্ধ করলেও নিয়ম মেনে কর্মীদের পাওনা বুঝিয়ে দেয়া উচিত।