পড়ালেখার জন্য শিশুদের অতিরিক্ত চাপ না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতিরিক্ত চাপ তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়।
বুধবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাই শিশুদের ভিত্তি তৈরি করে— দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার সেদিকে লক্ষ্য রেখেই শিক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হলো 'প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি'। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মাঝে জাতীয় শিক্ষা পদক বিতরণ করেন।
লেখাপড়ার জন্য শিশুদেরকে অতিরিক্ত চাপ না দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, অনেক সময় পড়ালেখা নিয়ে শিশুদের মধ্যে প্রতিযোগিতার চেয়ে অভিভাবকদের মধ্যে বেশি প্রতিযোগিতা দেখা যায়, এটা ঠিক নয়।
অনেক স্কুলে শিশুদের ভর্তিতে পরীক্ষা নেয়া হয়, এ প্রক্রিয়া বাতিলের কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষাকে সহজ করে শিশুদের কাছে তুলে দিতে সরকার কাজ করে যাচ্ছে সেইসঙ্গে আধুনিক প্রযুক্তির সঙ্গেও তাদের পরিচয় করাতে কাজ করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রী এসময় জানিয়েছেন।