নারী শিক্ষা বিস্তারে ও সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে মির্জাপুরে বঙ্গবন্ধু অডিটোরিয়ামসহ ১২টি প্রকল্পের উদ্বোধন ও ১৯ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

মির্জাপুরে শেখ হাসিনা
পরে ৪ ব্যক্তিকে দানবীর রনদা সাহা স্মারক স্বর্ণপদক প্রদান শেষে তিনি বলেন, জনগণের সেবার জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিতে সরকারের চেষ্টা অব্যাহত আছে।
এর আগে সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশ। পরে কুমুদিনি কমপ্লেক্স থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
একইস্থানে ভারতেশ্বরী হোমস মাল্টিপারপাস হল ও ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট নার্সিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী যোগ দেন ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল আয়োজিত কুমুদিনী ৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। এ সময় তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের বর্ণিল ডিসপ্লে উপভোগ করেন।

স্মারক স্বর্ণপদক প্রদান
এরপর দানবীর রনোদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এ বছর ৪ বিশিষ্ট ব্যক্তিত্বকে এ স্বর্ণ পদক দেয়া হয়। মরণোত্তর পদক পান হোসেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাকি দুজন হলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন।
পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষা বিস্তারে দেশের বৃত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। কুমুদিনী ট্রাস্টে সরকারের সহযোগিতা অব্যাহত থাকারর কথাও জানান তিনি।
বিকালে একই স্থানে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।