সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করে অনেকটাই সফল হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। শনিবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ত্রাণ বিতরণ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী নিউজিল্যান্ডে মসজিদে বর্বর হত্যাকান্ডের জন্য তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করে বলেন, বিশ্বশান্তি নষ্টের জন্য যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বই দায়ী।
মতিয়া চৌধুরী বলেন, সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করেছে বলেই জঙ্গিবাদ মোকাবেলা করা গেছে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা সরকার কার্যকর ভূমিকা নিয়েছে।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর হাতেই দেশ নিরাপদ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিব কন্যার ওপরে দেশের মানুষের আস্থা রয়েছে।
আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা।
এ আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যের সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আলোচনা সভা ও দুস্থদের মাঝে বিকশা ও ভ্যান বিতরণ কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবা বিষয়ক উপকমিটি।