ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফরে আসছেন। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহিদুল হক।
ঢাকায় সফররত ভূটানের পররাষ্ট্র সচিব সনাম শং এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র সচিব বলেন, দুদেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য এবং শিক্ষার আদান-প্রদান নিয়ে আলোচনা হয়েছে।
আর ভূটানের পররাষ্ট্র সচিব সনাম শং বলেন, ভূটানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দুই জনই বাংলাদেশে পড়াশোনা করেছেন। ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং দশ বছর এখানকার মেডিকেলে লেখাপড়া করেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ভূটানের জন্য শুধু চিকিৎসকই তৈরি করছে না সে দেশের নেতাও তৈরি করেছে।