এক-এগারোর সময়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে- প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ নেতারা এ কথা বলেন।
শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনও।
বাহান্নর ভাষা সংগ্রামী, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের চারবারের সাধারণ সম্পাদক, দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১৩ সালে ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
বরেণ্য এ রাজনীতিবিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বুধবার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এসময় ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। পরে একে একে শ্রদ্ধা জানায় দলের যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতারা জিল্লুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এদেশের রাজনীতিতে একজন অমায়িক মানুষ ছিলেন তিনি।
জিল্লুর রহমানের ছেলে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বঙ্গবন্ধুর পরিবারের প্রতি তার পিতার আনুগত্য ছিল প্রশ্নাতীত।
নিজ নির্বাচনী এলাকা ভৈরবকে জেলা করার যে স্বপ্ন দেখেছিলেন জিল্লুর রহমান তা সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা।