ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞের ভয়াল রাত আজ (সোমবার ২৫ মার্চ)। একাত্তরের এ ভয়াল রাতটিকে স্মরণ করতে আজ সারাদেশে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে।
ব্ল্যাক আউটের অংশ হিসেবে সবাই যে যার জায়গা থেকে নিজ বাসা এবং প্রতিষ্ঠানের সুইচ বন্ধ করে এ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করব্নে। ফলে এক মিনিট অন্ধকার থাকবে গোটা দেশ। এর মাধ্যমে ’৭১ র শহীদদের স্মরণ করা হবে।
একাত্তরের এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর চালিয়েছিল নৃশংস গণহত্যা। ‘অপারেশন সার্চ লাইট’ নামে পাকিস্তানি হানাদার বাহিনীর সেই বর্বরোচিত হামলায় সমগ্র বাঙালি জাতির পাশাপাশি পুরো বিশ্ববাসী হতবাক হয়েছিলো।
মধ্যযুগীয় কায়দায় পাকবাহিনী রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ইপিআর সদর দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো ঢাকা মহানগরীতে চালায় হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগ।