স্বাধীনতার ৪৮তম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে বীর শহীদদের। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায়।
পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমুহের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।
পুর্বাকাশে ভোরের সুর্য উঁকি দেওয়ার আগেই, শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায়, বিউগলে বেজে উঠে করুণ সুর। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন। মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর পর প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আবারও শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, তিন বাহিনীর প্রধান, প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা এবং কূটনৈতিকরা।
পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
২৬ মার্চ বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা। ১৯৭১ এর এই দিনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল পুরো জাতি।
৩০ লাখ শহীদের বীরত্ব গাথা রক্ত স্মৃতি বুকে নিয়ে, সাভারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসে তাই শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় অবনত কৃতজ্ঞ জাতি।