বিআরটিসির ব্যবস্থাপনায় রাজধানীর ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে চালু হয়েছে সার্কুলার বাস সেবা।
বুধবার দুপুরে কলাবাগান বাসস্ট্যান্ড থেকে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এ সেবার উদ্বোধন করেন।
মেয়র খোকন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ শহরের যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে দুই সিটিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হলো।
মেয়র বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলো সাশ্রয়ী খরচে যাত্রীদের সেবা দেবে।
দূরত্ব অনুযায়ী এ বাসের ভাড়া হবে ১০, ২০ ও ৩০ টাকা— নির্ধারিত রুটের ৩৬টি স্থানে বাস থামবে সেখানে যাত্রীদের জন্য করা হয়েছে টিকেট কাউন্টার। টিকেট কিনে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হবে যাত্রীদের বলেন মেয়র।
ধানমণ্ডি, নিউ মার্কেট, আজিমপুর এলাকায় চক্রাকার পথে এই বাস সেবা চালুর ফলে এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, শপিং ও হাসপাতালে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে আসবে বলে জানান তিনি।
মেয়র বলেন, তিনটি এলাকায় এই চক্রাকার বাস সেবা চালু করা হবে। প্রথমে ধানমণ্ডিতে এ সার্ভিস চালু হলো এরপর উত্তরা ও মতিঝিল এলাকাতেও ‘সার্কুলার বাস’ চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই একসঙ্গে কাজ করে নিরাপদ সড়ক নিশ্চিত করা হবে যা শিগগিরই দৃশ্যমান হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গণপরিবহনকে এখনো আমরা দৃশ্যমান শৃঙ্খলায় আনতে পারিনি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ১৫ দিনের মধ্যে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চাই।
তিনি আরও বলেন, ‘নগরীতে লক্কড়ঝক্কড় বা ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে ঢাকার চারপাশে চারটি ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য ভূমি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ইতিমধ্যে ডিএনসিসির মেয়র আমিনবাজার এলাকায় অস্থায়ীভাবে একটা জায়গা দিয়েছেন বলে জানান তিনি।
চক্রাকার বাস সার্ভিস:
বিআরটিসি তথ্য, চক্রাকার একটি বাস আজিমপুর-নিউমার্কেট-সায়েন্স ল্যাব-ধানমন্ডি ২ নম্বর রোড-সাত মসজিদ রোড-ধানমন্ডি ২৭ নম্বর রোড-সোবহানবাগ-রাসেল স্কয়ার-কলাবাগান-৬ নম্বর রোড মোড়-৩ নম্বর রোড-সায়েন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-পলাশী-নীলক্ষেত-কাঁটাবন-বাটা ক্রসিং-সায়েন্স ল্যাব-২ নম্বর রোড হয়ে সাত মসজিদ রোডে যাবে। এর মধ্যে পলাশী, নীলক্ষেত থানা, কাঁটাবন থেকে ধানমন্ডি ২৭ নম্বরের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এর মাঝে নির্দিষ্ট দূরত্বে বাসে ওঠা-নামা করলে ১০ ও ২০ টাকা করে ভাড়া দিতে হবে।
# রুট
আজিমপুর-নিউমার্কেট-সায়েন্সল্যাব-ধানমণ্ডি ২ নং রোড- সাত মসজিদ রোড-ধানমণ্ডি ২৭ নং রোড – সোবহানবাগ – রাসেল স্কয়ার – কলাবাগান – ৬ নং রোড মোড় – ৩ নং রোড – সায়েন্সল্যাব –নিউ মার্কেট-আজিমপুর –পলাশী-নীলক্ষেত-কাঁটাবন-বাটা ক্রসিং- সায়েন্সল্যাব – ২ নং রোড – সাত মসজিদ রোড।
সোবহানবাগ-রাসেল স্কয়ার – কলাবাগান – ৬ নং রোড ক্রসিং – ৩ নং রোড ক্রসিং – সায়েন্সল্যাব – বাটাক্রসিং – কাঁটাবন – নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট-সায়েন্সল্যাব-৩ নং রোড-৬ নং রোড ক্রসিং – কলাবাগান-সোবহানবাগ-২৭ নং রোড পূর্ব মাথা – ২৭ নং রোড পশ্চিম মাথা – সাত মসজিদ রোড – বিজিবি- ২ নং রোড – ৩ নং রোড ইউটার্ন – সায়েন্সল্যাব –বাটা ক্রসিং – কাঁটাবন –নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট।
বিআরটিসি সংশ্লিষ্টরা জানান, আপাতত ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে শীতাতপ নিয়ন্ত্রিত চারটি বাস দিয়ে সেবা শুরু করা হয়েছে। পরে আরও বাস নামানোর পরিকল্পনা রয়েছে।
মেয়র খোকন এর আগে জানিয়েছিলেন, বিআরটিসির জন্য ৬০০ বাস আমদানির প্রক্রিয়া চলছে। এসি ও নন-এসি এসব বাসের মধ্যে সাড়ে চারশ বাস ঢাকার রাস্তায় চলবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান ও বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।