রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।
শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিসি মোস্তাক আহমেদ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবার মরদেহ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের মরদেহ ঢাকা মেডিকেলে আছে।
তিনি বলেন, উদ্ধারকৃতদের মধ্যে ২৪ জনের মরদেহ ইতোমধ্যে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। জটিলতার কারণে একটি মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি।
ডিসি মোস্তাক আরো বলেন, ফায়ার সার্ভিস এখনও উদ্ধারকাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে। ঘণ্টাখানেক পর তারা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবে।
উদ্ধারের সব প্রক্রিয়া শেষে ভবনটিতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিসি।

বনানী অগ্নিকাণ্ডে ১৯ জনের মৃত্যু
গতকাল বৃহস্পতিবার দুপুরে ২১ তলা বনানীর এফআর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে।
পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।