রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৫৯ জন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাকিরা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন।
শুক্রবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্ততরে ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানিয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি ৭ জন, ঢামেক বার্ন ইউনিটে ৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে কারোর অবস্থা আশঙ্কাজনক নয়। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ২১ তলা বনানীর এফআর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে।
পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যা ব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।