সুষ্ঠু পরিকল্পনায় দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব সরকার তা প্রমাণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এক দশক ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ সরকার ক্ষুধা-দারিদ্র মুক্ত ও মর্যাদাশীল দেশ গড়ার জন্য কাজ করতে সক্ষম হয়েছে।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বঙ্গবন্ধু শিল্পনগরসহ ১১টি অর্থনৈতিক অঞ্চল এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি প্রস্তরস্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১টি অর্থনৈতিক অঞ্চল এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি প্রস্তরস্থাপন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক অঞ্চলগুলোতে ১৬টি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন এবং ২০টি শিল্প কারখানার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে— সুষ্ঠু পরিকল্পনার সঙ্গে এগিয়ে গেলে একটি দেশকে উন্নত করা সম্ভব, বাংলাদেশ তা প্রমাণ করেছে। দেশের অর্থনীতিতে যখন যেটা প্রয়োজন, সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে সরকার।
এ সময় অর্থনৈতিক উন্নতিতে বেসরকারী খাতের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন করেছে সরকার। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতেও এ সরকার সক্ষম হয়েছে। রপ্তানির পাশাপাশি দেশীয় বাজার সৃষ্টিতেও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পুরো দেশজুড়ে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, দেশের কোনো তরুণ বেকার থাকবে না, শিক্ষার পাশাপাশি তাদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জনবল সৃষ্টির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
যে কোনো দুর্যোগ পরবর্তী সময়ে যেন কারো কাছে হাত পাততে না হয়, সে জন্য দেশকে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।