বাংলাদেশে কিছুদিন পরপর অ্যালার্ট ঘোষণা করার বিষয়টি আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের একটি ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন সরকার যে অ্যালার্ট জারি করেছে— তেমন কিছু এখানে ঘটেনি। তারা হুমকির মুখে নেই এটা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এ দেশে তারা ঝুঁকিতে নেই। কেন তারা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘প্যারোলে মুক্তির’ বিষয়ে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি—এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার প্যারোলে মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো আবেদন হয়নি, পেলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।
দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। এতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ ও ভুটানের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। ৩ দেশের ৬ জন ও বাংলাদেশের ১৪ জনসহ মোট ২০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ নেবেন।
আগামী ৯ এপ্রিল পাবনাতে ৬১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি।