জাতীয়

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ফেনীর মাদ্রাসাছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার বেলা ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে যাই। প্রধানমন্ত্রী প্রথমেই আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার শিকার ফেনীর মাদ্রাসাছাত্রীর বিষয়ে খোঁজখবর নেন। বিস্তারিত শুনে তিনি মর্মাহত ও উদ্বেগ প্রকাশ করেন এবং যত রকম সহযোগিতা লাগে তা দেয়ার কথা বলেন। এই ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এদিকে, ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার এক ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বেলা ১২টার দিকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমের নেতৃত্বে তার কার্যালয়ে মাদ্রাসার গভর্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা ছাড়াও সভায় আরও ছয়টি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো- ওই ছাত্রীর চিকিৎসা সহযোগিতার জন্য মাদ্রাসা তহবিল এবং শিক্ষকদের পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান দেওয়া; অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং আদালতে সোপর্দ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা; মাদ্রাসার নিরাপত্তার জন্য দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা; মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া; আলিম পরীক্ষা চলার সময় শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং সভাপতি রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, গভর্নিং সদস্য, শিক্ষক প্রতিনিধি তিনজন ও অভিভাবক সদস্য দুই জন।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসার কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে সেই ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর জেলা সদর হাসপাতাল, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রী এখন ঢামেকের বার্ন ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন।

গতকালের তথ্য:

ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষার কেন্দ্রের ভেতরে এক ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর নাম নুসরাত জাহান ওরফে রাফি (১৮)।

শনিবার সকালে পৌরশহরের সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নুসরাত জাহান ওরফে রাফির ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, সকালে আরবি প্রথমপত্র পরীক্ষা ছিল। বোনকে নিয়ে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান। ওই সময় কয়েকজন ছাত্র ও অফিস সহকারী মো. মোস্তফা তাকে মাদ্রাসায় ঢুকতে বাধা দেন। পরে তিনি বোনকে দিয়ে চলে যান।

জানা গেছে, গত ২৭ মার্চ ওই ছাত্রীকে মাদ্রাসার নিজ কক্ষে ডেকে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। ওই ঘটনায় দায়ের করা মামলায় অধ্যক্ষ এখনো কারাগারে। ওই ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আরেকটি অংশ অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করে।

নোমান বলেন, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার পক্ষের কয়েকজন শিক্ষার্থী নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে যান। তারা অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে বলে। এ সময় সে কিছু না বলায় তিনজন শিক্ষার্থী তার হাত ধরে, একজন তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

তার চিৎকারে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায় জানান ছাত্রীটির ভাই।

কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আবু তাহের বলেন, ওই ছাত্রীর শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মাদ্রাসার কোনো শিক্ষক-কর্মচারী কথা বলতে রাজি হননি।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, ঘটনার সময় তিনি মাদ্রাসার অফিস কক্ষে প্রশ্নপত্র হলে পাঠানোর জন্য তৈরি করছিলেন। চিৎকার শুনে বেরিয়ে এসে অগ্নিদগ্ধ অবস্থায় এক পরীক্ষার্থীকে দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাইকুল আহমেদ ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটি পুলিশ খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করে খতিয়ে দেখছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ