ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা হয়েছে— এখন অভিযোগপত্র হবে এ মামলাটি ফাস্টট্রাকে নেয়ার জন্য বলার কথা জনিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ মামলাটি দ্রুত বিচারে নিষ্পত্তির জন্য বলা হবে বলে জানান তিনি।
এ সময় সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে বিধিমালা তৈরি করা হবে—আইনটি কাযর্কর করতে চাই শিগগিরই।
ফেনীর সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলার যৌন হয়রানীর শিকার হয়। 'শ্লীলতাহানির' অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার। সেই মামলা তুলে না নেয়ায় অধ্যক্ষের লোকজন গত শনিবার পরীক্ষার কেন্দ্র থেকে নুসরাতকে ডেকে নিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বাঁচানো গেল না ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে। যৌন নিপীড়নকারী অধ্যক্ষের অনুসারীদের দেয়া আগুনে দগ্ধ হয়ে টানা পাঁচ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেল না ফেরার দেশে।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে, অবশেষে বুধবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।
নুসরাতের মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবারের স্বজনরা। এ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
বৃহস্পতিবার সকালে নুসরাতের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। শরীরের ৮০ শতাংশই পুড়ে যাওয়া এবং শ্বাসনালী দগ্ধ হয়ে যাওয়াতেই নুসরাতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।