সকালে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় তাকে বহনকারী বিমানটি। সফরকালে লোটে শেরিং বাংলাদেশের সঙ্গে ৪টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই করে। পহেলা বৈশাখের অনুষ্ঠান সুরের ধারাতেও অংশ নেন তিনি।
তিনদিনের সরকারি সফর শেষে নিজ দেশে ফিরে যান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ড্রুক এয়ার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তাকে বিদায় জানান।
বিমানবন্দরে লাল গালিচায় হেঁটে প্লেনে উঠেন ভুটানের প্রধানমন্ত্রী। আর সশন্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত শুক্রবার ঢাকায় আসেন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. লোটে শেরিং। সফরকালে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। আলোচনার দুই দেশের স্বাস্থ্য, কৃষি, শিপিং, পর্যটন এবং জন প্রশাসন প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে ৪টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই হয়।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন লোটে শেরিং। এছাড়া পররাষ্ট্র, বাণিজ্য, স্বাস্থ্য এবং নৌ পরিবহনমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।
ভুটানে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক বিকাশে এফবিসিসিআই নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
এছাড়া নববর্ষ উদযাপন অনুষ্ঠান সুরের ধারায় যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী। পরে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে যান এবং সেখানে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।