স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির কারণে ঢাকা ওয়াসায় অনিয়ম ও দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
পানি ও পয়নিষ্কান সেবায় নিম্নমানসহ বেশ কিছু বিষয়ে ঢাকা ওয়াসার সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন তারা।
রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে বুধবার সকালে ঢাকা ওয়াসাঃ সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে টিআইবির পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনটিতে গ্রাহক সেবার ক্ষেত্রে ঢাকা ওয়াসার ঘাটতিগুলো তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা ওয়াসা বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে গ্রাহক সেবা কার্যক্রমে গতিশীলতা আনার চেষ্টা করলেও, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় কার্যকরী কোনো ফলাফল আসেনি।
ঢাকা ওয়াসার কার্যক্রমকে গতিশীল করতে প্রতিষ্ঠানটির আইন অনুযায়ী বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব নিশ্চিত করতে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড গঠনসহ বেশ কিছু সুপারিশ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
এই সুপারিশগুলো কার্যকর করতে পারলে সমস্যা সমাধান সম্ভব বলে মনে করে টিআইবি।